নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে, চালকের সহকারীর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম (১৮) ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভান্ডারিয়াগামী একটি ইটবোঝাই ট্রলির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির চালকের সহকারী তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সাব্বির নামে আরেক ট্রলির চালক স্থানীয়দের সহযোগিতায় তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “ইটবোঝাই ট্রলি খাদে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অলোক/রাজীব