ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৬ এপ্রিল ২০২৬  
বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বুলেট আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারী কর্মকর্তাকে এভাবে হারিয়ে ফেলা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গত ২৪ এপ্রিল কুমিল্লায় কর্মরত বুলেট বৈরাগী দুর্বৃত্তদের হাতে খুন হন।

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়