ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১২ জুন ২০২৬  
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা 

কুষ্টিয়া সীমান্ত দিয়ে যাদেরকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজিবি সূত্র জানায়, যাদেরকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, যাতে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে সীমান্তবাসী বাংলাদেশিরাও সহযোগিতা করছেন।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেছেন, “ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।”

বিজিবির প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “১২ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে, তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়