ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

দোলনা বাহার

রুবায়েত জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৬ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোলনা বাহার

দোলনা

রুবায়েত জামান : দোলনার সঙ্গে কমবেশি সবারই পরিচয় আছে। ছোটবেলায় দোলনায় চড়ার কথা হয়তো কারোরই মনে নেই। সেই শখ পূরণের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির কাজেও এখন বাড়িতে রাখা হয় দোলনা। এতে শৌখিনতা যেমন প্রকাশ পায়, তেমনি চমৎকার কাটে বাড়ির অবসর সময়টা দোলনায়। কাজ শেষে ঘরে ফিরে বারান্দায় দোল খেতে খেতে গরম চায়ে চুমুক দিয়ে কেটে যাবে ক্লান্তি।

 

শৌখিন দোলনাখানি দিয়ে কীভাবে সাজিয়ে তুলবেন আপনার গৃহকোণ ও এর চারপাশ, তা নিয়ে পরামর্শ দিয়েছেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালক গুলশান নাসরীন চৌধুরী।

 

বসার ঘর, শোবার ঘরের জানালার পাশ, বারান্দার এক পাশ, সবুজ উঠানে বা ছাদে চমৎকার মানিয়ে যাবে দোলনা। তবে স্থানভেদে দোলনার রকমভেদটি মাথায় রাখতে পারেন।

 

বসার ঘরের আসবাবের সঙ্গে রঙ মিলিয়ে দোলনা রাখতে পারেন। কাঠের আসবাবের সঙ্গে সোনালি আভা ছড়ানো কাঠের দোলনার জুড়ি নেই। রট আয়রনের আসবাবের সঙ্গে অবশ্যই একই ধরনের দোলনা নির্বাচন করুন। বসার ঘরের পর্দা ও সোফার কুশনের সঙ্গে মিলিয়ে দু-একখানি কুশনও যোগ করতে পারেন দোলনায়। দুজনের জন্য তৈরি দোলনাই বেশি ভালো লাগবে এখানে।

 

টেলিভিশন দেখা যায় এ রকম স্থানে সঠিক চোখ দূরত্বে বসাতে পারেন দোলনা। দোল খেতে খেতে পছন্দের টিভি অনুষ্ঠান দেখতে কারও খারাপ লাগার কথা নয়।

 

ঘরের কোণ, করিডর বা যে কোনো বাড়তি অংশকেও কাজে লাগাতে পারেন দোলনা ব্যবহারে। জায়গা অনুসারে দুজনের জন্য বড় কাঠের কিংবা একজনের ছোট ঝুলন্ত বেতের দোলনা ব্যবহার করতে পারেন। শোবার ঘরের বড় জানালার পাশে আরাম কেদারা রাখার জায়গাটি বাঁচিয়ে ঝুলিয়ে দিতে পারেন বেতের একটি দোলনা।

 

বাচ্চাদের ঘরে দোলনা রাখার সময় অন্য দোলনার তুলনায় একটু নিচু দোলনা বেছে নিন। সেটি কৃত্রিম ফুল ও পুতুল দিয়ে সাজিয়েও দিতে পারেন।

 

বাড়ির সামনে খোলা উঠান থাকলে সেই সবুজ উঠানে একটা বড় দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে রট আয়রনের দোলনা নির্বাচনই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও স্টিলের তৈরি দোলনা ব্যবহার করতে পারেন। ছাদের ক্ষেত্রেও তা-ই। এ দুই জায়গাতেই দোলনার ওপরে ছাউনির ব্যবস্থা করতে পারেন। এতে দোল খেতে খেতে বৃষ্টি দেখতেও অসুবিধা হবে না। আবার বৃষ্টির পানির ছিটায় দোলনার তেমন কোনো ক্ষতিও হবে না।

 

বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য সবচেয়ে উপযোগী হলো পাটের কিংবা বেতের দোলনা। খেয়াল রাখুন, এর বসার গদিখানি যেন আরামদায়ক হয়। কারণ, আরামের জন্যই যে এ আয়োজন।

 

কোথায় পাবেন
নগরের বিভিন্ন আসবাবের দোকানগুলোতে খোঁজ করতে পারেন দোলনার। চারকোনা, গোল আকৃতির, ছোট, বড়, মাঝারি—সব ধরনের দোলনাই চোখে পড়বে আপনার। একটু সময় করে একদিন পান্থপথ মোড় থেকে একেবারে স্কয়ার হাসপাতাল পর্যন্ত একটু চক্কর মেরে আসতে পারেন।

 

যাত্রার বনানী শোরুমেও খোঁজ করতে পারেন। এখানে বেত, কাঠ ও পাটের তৈরি দোলনা পাবেন ২,০০০ থেকে ১০,০০০ টাকায়।

 

নগরের বাঁশ-বেতের আসবাবের দোকানগুলোতে বেতের ঝুলন দোলনা পাবেন ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকায়। শৌখিন কারুকাজের চিকন বেতের দোলনা পাবেন ৬,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। স্টিলের তৈরি দোলনা পাবেন ১০,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে।

 

রট আয়রনের দোলনা পাবেন ৫,০০০ থেকে ৭,০০০ টাকায়। যাঁদের বাজেট নিয়ে চিন্তা নেই, সেই শৌখিনেরা কাঠের তৈরি কারুকাজের দোলনা পাবেন ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজারের মধ্যে।

 

ফরমায়েশ দিয়ে মনের মতো কাঠের দোলনা বানিয়েও নিতে পারেন। শুধু কাঠের তৈরি দোলনা নয়, আপনার পছন্দমতো স্টিল, রট আয়রন কিংবা বেতের আসবাবের দোকানে ফরমায়েশ দিয়েও করিয়ে নিতে পারেন দোলনা।

 

তবে যেটাই করুন না কেন, সব সময় খেয়াল রাখুন এটি যেন মজবুত হয় এবং সঠিকভাবে স্থাপন করা হয়। এবার দোল খেতে খেতে কাটুক আপনার অবসর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৪/ফিরোজ/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়