ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবু বকর হত্যা: উচ্চ আদালতে আপিল করবে ঢাবি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫৮, ১ জানুয়ারি ২০২৫
আবু বকর হত্যা:  উচ্চ আদালতে আপিল করবে ঢাবি

ন্যায়বিচারের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আবু বকর হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যায্যতা ও ন্যায় বিচারের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১০ সালে স্যার এ এফ রহমান হলে একটি ছাত্র সংগঠনের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নিজ কক্ষে অবস্থানকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. আবু বকর সিদ্দিক মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

এ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ২ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ১০ জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ছাত্রদের মধ্য থেকে দুইজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে পৃথক পৃথক রিট দায়ের করেন। এ প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন ২০১২ সালে বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে বাদীদের পক্ষে রায় প্রদান করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উচ্চ আদালতে আপিল করার মাধ্যমে মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক হত্যার বিষয়ে ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে বলে প্রত্যাশা করা হয় বিবৃতিতে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়