ঢাবিতে শান্তি উৎসব উদযাপন
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘প্রথম জাতীয় শান্তি উৎসব’ উদযাপিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাকেরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরফান আশিক প্রমুখ।
এ সময় ঢাবি উপাচার্য বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে বিভেদ দূর করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তি র্যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন