তিতুমীর কলেজে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘হিমরূপ আলোকচিত্র প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলায়েত চত্ত্বরে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রকৃতি, মানবজীবন, স্থাপত্য, আলো-ছায়ার খেলাসহ বিভিন্ন বিষয়ে ধারণ করা নান্দনিক ও সৃজনশীল আলোকচিত্র প্রদর্শিত হয়।
এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ক্লাবের সহ-সভাপতি তানভীর রহমান বলেন, “প্রতিবছরই আমরা এমন আয়োজন করার চেষ্টা করি। এতে নতুন ও প্রতিভাবান শিক্ষার্থীদের কাজ প্রকাশের সুযোগ তৈরি হয়।”
ক্লাবের সভাপতি নাহিদ মাজহার বলেন, “এ প্রদর্শনীর উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা এবং আলোকচিত্রের মাধ্যমে তাদের সৌন্দর্য্য তুলে ধরার সুযোগ করে দেওয়া।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, “আজকের প্রদর্শনীর সবগুলো ছবিই দারুণ লেগেছে। তবে সবুজে মোড়ানো ছবিগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। সবুজ আমার খুব পছন্দ। কারণ সবুজ প্রকৃতি মানেই প্রাণ ও সতেজতার প্রতীক।”
ঢাকা/হাফছা/মেহেদী
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন