ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দলীয় লেজুরবৃত্তি ছাড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে: শিক্ষা উপদেষ্টা

সিকৃবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৩১ জুলাই ২০২৫  
দলীয় লেজুরবৃত্তি ছাড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে: শিক্ষা উপদেষ্টা

বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুরবৃত্তির কেন্দ্র না হয়ে জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার জায়গায় পরিণত হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। 

তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের দাসত্ব থেকে দেশ মুক্ত হয়েছে, এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়া।”

বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। বিগত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে, যারা গুম, খুন, বিচারহীনতা আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তির মাধ্যমে দেশ চালিয়েছে। সেই অন্ধকার অতীত থেকে বের হয়ে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই ঠিক করবে রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। নিজেদের স্বকীয়তায়, জ্ঞান ও গবেষণায় বলীয়ান হয়ে নতুন বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দেবে।”

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, “বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। নীতিনির্ধারণে অংশীদারদের সম্পৃক্ত করতে হবে এবং সহনশীলতা ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পেশীশক্তির ব্যবহার বন্ধ করে গবেষণা ও জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে।” 

তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের মেলে ধরবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, “সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। আমরা বিশ্বাস করি, সীমিত সম্পদেও সীমাহীন সম্ভাবনা সৃষ্টি করা যায় যদি থাকে অদম্য মনোবল ও নিষ্ঠা।” 

ঢাকা/আইনুল হক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়