রাবির নতুন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অধ্যাপক মো. ফরিদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জেনেছি এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে, অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।”
অধ্যাপক মো. ফরিদুল ইসলাম রাজশাহী অঞ্চলের মাশকাটাদিঘি হাই স্কুল থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে ব্যাচেলর অব কমার্স (অনার্স) এবং ১৯৯০ সালে মাস্টার অব বিজনেস স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে সুইডেনের University of Gothenburg থেকে ২০০৬ সালে মাস্টার অব সায়েন্স এবং অস্ট্রেলিয়ার Curtin University থেকে ২০১৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৯৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক এবং ২০০৬ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০১৩ সালে তিনি একই বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।