ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজস্ব বোর্ডের আইভাসে একদিনে ১৭২৩টি নতুন নিবন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
রাজস্ব বোর্ডের আইভাসে একদিনে ১৭২৩টি নতুন নিবন্ধন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইভাসে একদিনে ১ হাজার ৭২৩টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন হয়েছে। এর মধ্যে উৎপাদক শ্রেণীতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক ৯টি ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে ২৭৭টি । 

এটি বর্তমান সরকারের সময় নতুন রেকর্ড। এনবিআর’র বর্তমান চেয়ারম্যান প্রতিদিনের নিবন্ধন মনিটর করছেন। মাঠপর্যায়ের সকল ভ্যাট কমিশনার একযোগে নতুন করদাতা খুঁজে বের করে প্রতিযোগিতামূলক ভ্যাট দাতা শনাক্ত করছেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বুধবার সারা দেশে একদিনে চট্টগ্রাম কমিশনারেট ৫৭৯ জন, ঢাকা (উত্তর) কমিশনারেট ১৮০ জন, ঢাকা (পশ্চিম) কমিশনারেট ২৬৬ জন, খুলনা কমিশনারেট ১৯৫ জন, রাজশাহী কমিশনারেট ৫০ জন, যশোর কমিশনারেট ৪৭ জন, রংপুর কমিশনারেট ৪১ জন, কুমিল্লা কমিশনারেট ২৭ জন, ঢাকা (দক্ষিণ) কমিশনারেট ৭১ জনসহ মোট ১৭২৩ জন ব্যবসায়ী নতুন নিবন্ধন গ্রহণ করেছে। ভ্যাট আদায় বৃদ্ধি ও করজাল বিস্তৃতিতে দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা দৈনিক কর্মঘণ্টার অতিরিক্ত সময়েও কাজ করছে।

রাজস্ব আদায়ে সরকারের নতুন নীতি ও দিক-নির্দেশনা বাস্তবায়নে পূর্ব থেকেই সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। কর জিডিপি অনুপাত বৃদ্ধি, কর আদায় সন্তোষজনক ও করজাল বিস্তৃতি সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তারা মাঠে যুগপৎ কাজ করছে। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নানামুখী ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতায় এসব কর্মকাণ্ড অব্যাহত আছে। ভ্যাটের রাজস্ব ও আওতা বৃদ্ধির জন্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে থেকে বাস্তবায়ন অনুবিভাগের অধীন মাঠের কমিশনারদের বেশ কিছু নতুন নির্দেশনা প্রদান করেছে।

ইতোপূর্বে, ফেব্রুয়ারি মাসকে কমিশনারদের জন্য নিবন্ধনের মাস হিসেবে ঘোষণা দেয় এনবিআর। সে লক্ষ্যে নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির জন্য গতকাল সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্লাটফর্ম এবং জেনেক্সের প্রতিনিধি ও ভ্যাট বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সম্পৃক্ত, সংযোগ, সমন্বয় রক্ষার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। একইভাবে তিনি মাঠ পর্যায়ের কমিশনারদেরও সম্পৃক্ত করেন। ফলে একদিনে রেকর্ড সংখ্যক নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন দেওয়া সম্ভব হয়েছে। 

উল্লেখ্য, যে কোনো ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকার অধিক হলেই তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

ঢাকা/এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়