রিয়াদে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ওমর লিব্বি আমের আজওয়াদ, কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন সাঈদ বামাখারামা এবং প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুন্নবী।
রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা রক্ষার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশিদের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, “দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, সাথে সাথে হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য।”
মাতৃভাষা রক্ষায় দেশ-কালভেদে পৃথিবীর সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে অন্য বক্তারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রত্যেককে নিজ নিজ ভাষা চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান তারা।
২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও বিভিন্ন ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।
ঢাকা/হাসান/রফিক
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন