ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজারে আসছে গভর্নর মনসুর স্বাক্ষরিত ১০ টাকার নতুন নোট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
বাজারে আসছে গভর্নর মনসুর স্বাক্ষরিত ১০ টাকার নতুন নোট

নতুন ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট দেখতে এমন। ছবি: বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে।

বাজারে আসছে গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। নোটটি ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ প্রধান্য পাওয়া নতুন ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিম্নরূপ:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. x ৬০ মি.মি.। নোটের সম্মুখভাগের বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে। 

আরো পড়ুন:

নোটটিতে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

নতুন এই নোটের সম্মুখভাগের বামপাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৳১০ দশ টাকা’ খচিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। এছাড়া নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রংয়ে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নরের স্বাক্ষরের ডান পাশে ‘সি থ্রু ইমেজ’ হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হবে। 

নোটটির সম্মুখভাগের ওপরে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে মাইক্রোপ্রিন্ট ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে।

নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। 

ঢাকা/নাজমুল/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়