ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১৮ আগস্ট ২০২২   আপডেট: ২৩:০১, ১৮ আগস্ট ২০২২
গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আসনবিন্যাস প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২০ আগস্ট) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার আসনবিন্যাস গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/ প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আসনবিন্যাস দেখতে পারবেন।

এদিকে, ‘সি’ ইউনিটের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৪২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ‘সি’ ইউনিটে ৩ হাজার ৭০টি আসন আছে। সে হিসেবে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৩ জন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ইয়ামিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়