গোপন বিয়ের খবর দিলেন ‘গোপী বৌমা’
বর-কনের সাজে বরুণ, জিয়া
বিয়ে করলেন ‘গোপী বৌমা’খ্যাত ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী জিয়া মানেক। দীর্ঘ দিনের বন্ধু অভিনেতা বরুণ জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। অনেকটা গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই দম্পতি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন জিয়া মানেক। তাতে দেখা যায়, বিয়েতে সোনালি রঙের শাড়ি পরেছেন জিয়া, সঙ্গে সোনার গহনা ও লাল চুড়ি। অন্যদিকে, বরুণ পরেছেন সোনালি রঙের শেরওয়ানি।
এ ছবির ক্যাপশনে জিয়া মানেক লেখেন, “ঈশ্বর এবং গুরুদের কৃপায়, সকলের ভালোবাসায়, আমরা আজ এই চিরন্তন সম্পর্কে আবদ্ধ হলাম; হাত ধরাধরি করে, হৃদয় দিয়ে হৃদয়ে। আমরা দুজন বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।”
কৃতজ্ঞতা প্রকাশ করে জিয়া মানেক লেখেন, “জীবনের বিশেষ এই দিনটিকে আরো স্মরণীয় করে তোলার জন্য যারা ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে, এখন থেকে শুরু একসঙ্গে হাসি, রোমাঞ্চ, স্মৃতি এবং একতার নতুন যাত্রার।”
তবে কবে কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি জিয়া কিংবা বরুণ। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।
‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে ‘গোপি বহু’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন জিয়া মানেক। এ ধারাবাহিকে নিরক্ষর এক নারীর চরিত্রে অভিনয় করেন। গল্পে এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়। শাশুড়ির সহায়তায় ধীরে ধীরে সকলের মন জয় করেন। এমনকি তার স্বামী আহেম মোদিরও। তার স্বামীর চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ নাজিম।
জিয়া মানেক ও বরুণ ‘তেরে মেরে সাথ রহে’ নামে টিভি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন। ২০২১ সালে করোনা সংকটের সময়ে এটি প্রচার হয়।
ঢাকা/শান্ত
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন