পরকীয়ার অভিযোগে যা বললেন গোবিন্দ
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
স্ত্রীর সঙ্গে গোবিন্দ
বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবনে ৩৯ বছর পার করছেন এই যুগল। টিনা ও যশবর্ধন নামে তাদের দুটো সন্তান রয়েছেন। যদিও দাম্পত্য জীবনের এ পর্যায়ে নানারকম তিক্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
গোবিন্দ এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন সুনীতা। ফলে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। এ নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনায় গোবিন্দ। এবার পরকীয়া প্রেমের অভিযোগ নিয়ে খোলামেলা কথা বললেন তারকা অভিনেতা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে গোবিন্দ বলেন, “আমি কখন অভিযুক্ত হইনি? আমাকে যে অভিযুক্ত করছে, সেই আমার শৈশবের ভালোবাসা। ভালোবাসা আমার জীবনে কখনো ঠিকঠাক কাজ করেনি। আর এখন যে ভালোবাসাটা চলছে, তা কারো কারো মতে—বার্ধক্যের ভালোবাসা।”
গত বছরের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দেন সুনীতা আহুজা। এ আলাপচারিতায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। তিনি বলেন, “আমার জন্য ২০২৫ সাল খুবই খারাপ বছর। কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। কিন্তু আমি জানি, সেই মেয়েটি অভিনেত্রী নয়। কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু তার টাকা চায়।”
এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।
১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন—মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে।
পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের। অন্যদিকে, ৫৮ বছরে বয়সে বলিউডে পা রাখতে যাচ্ছেন সুনীতা আহুজা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ঢাকা/শান্ত