‘আজ আমার গায়েহলুদ, কাল সংগীত, পরশু বিয়ে, দয়া করে খেয়ে যাবেন’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ম্রুণাল ঠাকুর
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল। এর আগে এ সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
কিছু দিন আগে নতুন করে গুঞ্জন চাউর হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন ম্রুণাল-ধানুশ। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন এই দুই তারকা। এবার বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার ভাষ্য—“আজ আমার গায়েহলুদ, কাল সংগীত, পরশু বিয়ে। দয়া করে খেয়ে যাবেন।”
কয়েক দিন আগে ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুরের কাছে জানতে চাওয়া হয়, আপনার বিয়ে নিয়ে কি আপনার পরিবারে আলোচনা হয়? জবাবে এই অভিনেত্রী বলেন, “পাত্র খোঁজার জন্য বলে দিয়েছি। আমি বাড়িতে বলেছি, ‘একটা ছেলে খুঁজে দাও’। বাবা চেয়েছেন, আমিই যেন কাউকে খুঁজি। আমি উল্টো বাবাকেই বললাম, ‘আপনি খুঁজুন’। বাড়ি থেকে বলল, ‘আমাদের মাথায় কেউ নেই।’ তখন আমি বললাম, ‘দেখলেন তো?”
বিয়ে নিয়ে নিজের দর্শনের কথা জানিয়ে ম্রুণাল ঠাকুর বলেন, “শুধু বিয়ের জন্য বিয়ে করা উচিত নয়। কিন্তু যখন সময়টা ঠিক হবে, তখন সঠিক মানুষকে পাওয়া যাবে—যার উপর ভরসা করা যায়, যার সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকা যায়, যার নীরবতাও বিরক্তিকর লাগে না—তখন অবশ্যই বিয়ে করা উচিত।”
এরপর ম্রুণাল ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়, পরশু দিন নাকি আপনার বিয়ে? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী মজার ছলে বলেন, “গাইজ, আজ আমার গায়েহলুদ, কাল সংগীত, পরশু বিয়ে। দয়া করে খেয়ে যাবেন।”
গ্যালাটা প্লাসকে সাক্ষাৎকার দিয়েছেন ম্রুণাল ঠাকুর। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি খুব শিগগির বিয়ে করছেন। গুঞ্জন রয়েছে, অভিনেতা ধানুশকে বিয়ে করতে যাচ্ছেন। এ বিষয়ে ম্রুণাল ঠাকুর বলেন, “আমি? না। আমার মনে হচ্ছে, ১৪ এপ্রিল, ১ এপ্রিল হয়ে যাবে। ১৪ ফেব্রুয়ারিও ১ এপ্রিল হয়ে যাবে। এপ্রিল ফুল ডে। কারণ আমি জানি না, এটা ছড়ানো কে শুরু করেছে! প্রথমত, আমাকে উদ্ধৃত করা হয়েছে। কিন্তু আমি কখনো কিছু বলিনি। আর তারা বলেছে, ম্রুণাল নাকি এটা বলেছে! আমি ভাবলাম, ওয়াও! কত সুন্দর! কিন্তু এটা ভয়ংকর।”
ম্রুণাল ঠাকুরের হাতে এখন পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার দুটো ও হিন্দি ভাষার তিনটি সিনেমা রয়েছে। তবে এখন নতুন মিউজিক ভিডিওর প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘ভিগি ভিগি’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন এ. আর আমীন ও জসলীন রয়্যাল। সংগীতায়োজন করেছেন এ আর রহমান। গানের ভিডিওতে ম্রুণালের সঙ্গে জুটি বেঁধেছেন দুলকার সালমান।
ঢাকা/শান্ত