ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ম্রুণালের ‘লাকি চার্ম’ রণবীর কেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৪৭, ১০ এপ্রিল ২০২৬
ম্রুণালের ‘লাকি চার্ম’ রণবীর কেন?

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। তার অভিনীত ‘ডাকাত’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্রুণাল ঠাকুর জানালেন—তার লাকি চার্ম রণবীর সিং। কেবল তাই নয়, তার অভিনয় ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তারকা অভিনেতা।

রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্রুণাল ঠাকুর বলেন, “আমি খুব খুশি। তিনি আমার লাকি চার্ম। এই ইন্ডাস্ট্রিতে আমি যে আছি, তার পেছনের বড় কারণ তিনি। আমি একটি হেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলাম। সেই বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর  নির্মাতাদের নজরে পড়ি। আমি এই কৃতিত্ব তাকে দিই। তিনি সত্যিই আমাকে সাহায্য করেছেন। খুবই ইতিবাচক মানুষ এবং সব সাফল্য তার প্রাপ্য।”

আরো পড়ুন:

 

বিজ্ঞাপনটিতে কাজের সুযোগই ম্রুণালের জীবন বদলে দিয়েছে। এরপরই চলচ্চিত্র জগতে প্রবেশের পথ দেখিয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। 

‘ধুরন্ধর টু’ সিনেমায় ‘হামজা’ চরিত্র রূপায়ন করেছেন রণবীর ‍সিং। সিনেমাটি দেখেছেন ম্রুণাল ঠাকুর। রণবীরের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “অভিনয়টা ভাসা-ভাসা ছিল না; চরিত্রে গভীরতা ও নানা স্তর ছিল। সিনেমাটিতে আমি রণবীর সিংকে দেখিনি, শুধু হামজাকে দেখেছি। নায়কের চেয়ে চরিত্র বেশি ছিল। আমি রণবীরের জন্য ভীষণ গর্বিত। কারণ তিনি খুব পরিশ্রমী। আমি চাই এবং প্রার্থনা করি, তিনি যা-ই করুন না কেন, তার সবই যেন ব্লকবাস্টার হয়। তিনি সবকিছুই করতে পারেন।”

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার বাসনা নিয়ে বেড়ে উঠেছেন ম্রুণাল ঠাকুর। বিজ্ঞাপন-টিভি সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন। ২০১৪ সালে মারাঠি ভাষার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে তেলেগু ও হিন্দি সিনেমায় নিয়মিত হন। ম্রুণাল অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘লাভ সোনিয়া’। এটি ২০১৮ সালে মুক্তি পায়।

 

ম্রুণালের ‘ডাকাত’ সিনেমার গল্প সাধারণ রোমান্টিক সিনেমার মতো নয়। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের মিশ্রণে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। মুক্তিপ্রাপ্ত ট্রেইলার থেকে বোঝা যায়, শান্ত এক প্রেমের গল্প হঠাৎ বিশ্বাসঘাতকতার পর অন্ধকার দিকে মোড় নেয়। 

সিনেমাটিতে উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য রয়েছে। যেমন: জেল থেকে পালানো, পুলিশি স্থানান্তর এবং দ্রুতগতির ধাওয়া-পাল্টা ধাওয়া। পাশাপাশি প্রধান চরিত্রগুলোর আবেগঘন দ্বন্দ্বও তুলে ধরা হয়েছে, যা গল্পকে আরো গভীরতা এনে দেয়। 

সিনেমাটির গল্পে শক্তিশালী ও একাধিক লেয়ারযুক্ত চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। যেখানে তার আবেগের কোমলতা ও দৃঢ় মনোবল—দুটিই ফুটে উঠেছে। গল্পে অর্থ, বেঁচে থাকা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের বিষয়গুলো চরিত্রগুলোকে পুনরায় একত্রিত করে।

 

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর ও আদিবি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন—অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ। সিনেমাটি পরিচালনা করেছেন শানিল ডিও। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

*সিয়াসাত অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়