সালমানের ভাইরাল ছেঁড়া জুতা নিয়ে কী জানেন?
গাড়ি থেকে নেমে হাঁটছেন বলিউড অভিনেতা সালমান খান। তার গায়ে শার্ট, পরনে জিন্স প্যান্ট, পায়ে ফরমাল শো। হঠাৎ থেমে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন ‘বডি গার্ড’ তারকা। তবে সবার চোখ আটকে যায় সালমানের জুতায়। কারণ জুতা জোড়া জীর্ণশীর্ণ-ছেঁড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
শত শত কোটি টাকার মালিক সালমানের পায়ে এমন ছেঁড়া জুতা দেখে বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। প্রশ্ন উঠেছে, সত্যি কি ফাটা, ছেঁড়া জুতা পরে বাইরে বেরিয়েছেন এই তারকা অভিনেতা?
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, স্পেনের বিলাসবহুল জুতার ব্র্যান্ড ব্যালেনসিয়াগা সালমানের জুতা জোড়া তৈরি করেছে। এই বুটগুলো ব্র্যান্ডটির ‘ডিস্ট্রেসড কাউবয়’ কালেকশনের অংশ, যা ইচ্ছাকৃতভাবে জীর্ণ ও রাগেড লুক দেওয়া হয়। ফ্যাশন জগতে এটি এখন জনপ্রিয় একটি ট্রেন্ড। এসব বুটের দাম ১.২-১.৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা)।
মজার বিষয় হলো, এবারই প্রথম সালমানের জুতা নিয়ে আলোচনা হচ্ছে না। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারের সময়ে তার সহ-অভিনেত্রী পলক তিওয়ারি ও জ্যাসি গিল জানিয়েছিলেন, শুটিং সেটেও সালমান খান প্রায়ই এমন ছেঁড়া জুতা পরে আসতেন। পলক একবার জিজ্ঞাসা করলে সালমান বলেছিলেন—“এটাই আমার সবচেয়ে আরামদায়ক জুতা। অন্য কিছুতে এরচেয়ে বেশি আরাম অনুভব করি না।”
সালমান খানের পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’। শুরুতে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গেলওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।
ভারতের দক্ষিণী সিনেমার নির্মাতা ভামসি পায়দিপল্লী সালমানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন। অ্যাকশন ঘরানার বড় বাজেটের সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। নাম ঠিক না হওয়া এ সিনেমা ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত