ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১৩, ৯ এপ্রিল ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট দিচ্ছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (ডানে)।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের প্রার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। সকাল পৌনে ৮টায় শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।

আরো পড়ুন:

বিএনপির রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, এটি উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একাধিক আসনে নির্বাচিত হওয়ায় তিনি এই আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে বৃহস্পতিবার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, আট প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র‍্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও রয়েছে।

মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এই আসনে ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন। নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১০ জন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, “ভোটের দিন ও পরে বিজিবি সদস্যরা মাঠে টহলে থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়