দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ৩০
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হন।
সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের ছাদিরপুর ও রফিনগর গ্রামে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আহাদুল (২৫) এবং রফিনগর গ্রামের তাহের মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলা নিয়ে একই গ্রামের হামিদ মিয়া ও হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন আহাদুল, পরে তিনি মারা যান।
অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে হাঁস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের একটি হাঁস খেয়ে ফেলায় বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। এতে গিয়াস উদ্দিন নিহত হন।
দুই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে দুই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ