মৃত ভোটার বাদ দিতে চৌকিদার-ধর্মীয় গুরুর সহায়তা নেবে ইসি
ভোটার তালিকাকে আরো নির্ভুল ও হালনাগাদ রাখতে সারা বছর মৃত ভোটারদের স্থায়ীভাবে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম কার্যকর করতে স্থানীয় চৌকিদারদের পাশাপাশি মসজিদের ঈমাম ও মন্দিরের পুরোহিতদের সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
বুধবার (৮ এপ্রিল) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৃত ভোটার শনাক্ত ও তালিকা থেকে অপসারণের পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় স্থানীয়ভাবে তথ্য জানার সুবিধার কারণে ধর্মীয় ব্যক্তিদের যুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চূড়ান্ত প্রস্তাব তৈরি করে কমিশনে উপস্থাপনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, “অনেক পরিবার আশঙ্কা করে মৃত ব্যক্তির নাম বাদ দিলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল হয়ে যাবে। তবে এখন আর এনআইডি ফেরত নেওয়া হয় না। এই তথ্য জানিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে, যাতে পরিবারগুলো সঠিক তথ্য দিতে উৎসাহী হয়।”
তিনি আরো জানান, মৃত ভোটার শনাক্তে একাধিক উৎস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। চৌকিদারদের পাশাপাশি ঈমাম ও পুরোহিতরা স্থানীয় মৃত্যুর তথ্য সম্পর্কে অবগত থাকেন, তাই তাদের তথ্যদাতা হিসেবে যুক্ত করার চিন্তা করা হচ্ছে। এছাড়া হাসপাতালের মৃত্যুসনদ, পরিবার পরিকল্পনাকর্মী এবং শহরের কবরস্থান বা শ্মশান ব্যবস্থাপকদের কাছ থেকেও তথ্য নেওয়ার উদ্যোগ রয়েছে।
এনআইডি বিভাগের কর্মকর্তারা বলেন, “সংগৃহীত তথ্য যাচাইয়ের জন্য নির্দিষ্ট ফরম পূরণ করা হবে এবং পরবর্তীতে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করা হবে। যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ইতোমধ্যে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
ঢাকা/এমএসবি/এসবি
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮