ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ সীসা কারখানা 

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৭ এপ্রিল ২০২৬  
গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ সীসা কারখানা 

এ কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় গবাদিপশু মারা যাচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। 

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় সুমন দালাল নামের এক ব্যক্তি অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনের কারখানা পরিচালনা করছিলেন। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। এ কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় গবাদিপশু মারা যাচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।

অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়। তারপরও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কার্যক্রম চালিয়ে যায়। মঙ্গলবার কয়েক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল নোমান বলেছেন, “সীসাদূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিজসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও তারা রাতের আঁধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আজ অভিযান চালিয়ে কারখানাটি এক্সাভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেছেন, “ওই কারখানায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হতো। এ কারণে সেখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় গবাদিপশু মারা যাচ্ছিল। তাছাড়া, তারা লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালনা করছিল। আজ অভিযান চালিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।”

ঢাকা/আকাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়