ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে হাইওয়ে পুলিশের ওপর রিকশাচালকদের হামলায় আহত ২

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৭ এপ্রিল ২০২৬  
সাভারে হাইওয়ে পুলিশের ওপর রিকশাচালকদের হামলায় আহত ২

থানায় আটক দুই অটোরিকশাচালক

সাভারে হাইওয়ে থানার পুলিশ সদস্যদের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাভারের হাইওয়ে থানার সামনে এ হামলা হয়। আহতরা হলেন— সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ও কনস্টেবল মহসিন।

পরে পুলিশ জুবায়ের (২৫) ও আকাশ আলী (২০) নামের দুই অটোরিকশাচালককে আটক করে।

পুলিশ জানিয়েছে, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে রিকশাচালকরা বিক্ষোভ শুরু করেন। তারা দাবি জানান, মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে। পুলিশ সদস্যরা অটোরিকশাচালকদের বাধা দিতে পারবেন না। পুলিশ সদস্যরা অটোরিকশাচালকদের বুঝিয়ে শান্ত করতে গেলে এসআই আরিফ ও কনস্টেবল মহসিনের ওপর হামলা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী অটোরিকশাচালক জুবায়ের ও আকাশ আলীকে আটক করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেছেন, “অটোরিকশাচালকরা তাদের অযৌক্তিক দাবি নিয়ে হাইওয়ে থানার সামনে বিক্ষোভ করেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে সমাধানের চেষ্টা করলে পুলিশের এক এসআই ও কনস্টেবলের ওপর হামলা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।”

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়