‘পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ, মারামারি-কাটাকাটি সবই ভালোবাসার অভাবে’
বদলে যাওয়া বিপাশা হায়াত (বাঁয়ে)
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। এখন দূর দেশে আঁকাআঁকি নিয়েই অধিক সময় কাটান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিপাশা।
কয়েক দিন আগে একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন বিপাশা হায়াত। এ আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলেছেন। চলচ্চিত্রে অভিনয় নিয়েও নানা ঘটনা ভক্তদের জন্য ভাগ করে নেন এই অভিনেত্রী। সঞ্চালক জানতে চান, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব আপনার কাছে গিয়েছিল। শুনেছি, সেই সময়ে বলিউড থেকেও আপনি প্রস্তাব পেয়েছিলেন, কেন সেই প্রস্তাব ফিরিয়েছিলেন?
ফেলে আসা দিনে বিপাশা
জবাবে বিপাশা হায়াত বলেন, “বলিউডের যে প্রস্তাব এসেছিল, সেটি এত আগে না, আরো পরে। বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল। সিনেমাটির নাম মনে করতে পারছি না, তবে যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো আমার ফোনে সেভ করা আছে। তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।”
বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত বলেন, “তখন আমার মনে হয়েছিল, আমি আমার দেশের মানুষকে কখনো ছোট করব না। আমার দেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, দর্শকরা যেভাবে নিয়েছেন, সেই দর্শক যদি দেখেন ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছি, আসলে আমি তা করতে পারি না।”
ফেলে আসা দিনে বিপাশা
বিপাশা তার ভাবনা আরো খানিকটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “তারকা না, পাবলিক ফিগার বলছি। এই পাবলিক ফিগার হয়ে ওঠার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি কাজের মাধ্যমে এই দায়িত্ববোধ বহন করা উচিত। আমি এটা বহন করতে চাই। মানুষের ভালোবাসা কিন্তু ভীষণ ডিভাইন (স্বর্গীয়)। এই পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ, কোন্দল, মারামারি-কাটাকাটি সবই ভালোবাসার অভাবে। সুতরাং মানুষের ভালোবাসা হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। এ জায়গা থেকে আমার মনে হয়নি, বাংলাদেশের চাইতে ওখানে গিয়ে ভালো কিছু করতে পারব।”
টিভি পর্দার সেই প্রিয় বিপাশা হায়াতকে এখন আর অভিনয়ে দেখা যায় না বললেই চলে! অভিনয় দিয়েই দেশ-বিদেশের দর্শকের মনে অভিনেত্রীর অবস্থান। প্রিয় তারকাকে অভিনয়ে না পেয়ে দর্শকদের মনেও খানিকটা অভিমান জমা রয়েছে।
আপন কর্মে ডুবে আছেন বিপাশা
কয়েক বছর আগে অভিনয় থেকে নিজেকে দূরে রাখা বিষয়ে বিপাশা হায়াত বলেছিলেন, “আমি অভিনয়কে ভালোবাসি। কিন্তু সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে। নাটক আমার কাছে পরিপূর্ণ এক শিল্প। সেখানে বাণিজ্য অবশ্যই থাকবে। কিন্তু একটা সময় মনে হয়েছে, বাণিজ্যই আসল, শিল্প নয়। অনেক বেশি কম্প্রোমাইজ করছে সবাই। তখন সিরিয়াসলি ছবি আঁকতে শুরু করি। আর্ট প্র্যাকটিস শতভাগ সময় ডিমান্ড করে। এভাবেই দূরে সরে গেছি।”
ঢাকা/শান্ত
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮