নিষিদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠান, বন্ধ ‘চিরসখা’, অনিশ্চয়তায় ‘কনে দেখা আলো’
ছবির কোলাজ
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানরা। পরে তা প্রত্যাহার করে, ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
গতকাল টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকে বসেছিলেন টলিউডের অভিনয়শিল্পী, টেকনিশিয়ানরা। বৈঠক শেষ জানানো হয়, লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির নাম যেসব প্রযোজনার সঙ্গে যুক্ত, সেসব ধারাবাহিকে কোনো শিল্পী-কলাকুশলীরা অংশ নেবে না। ‘ভোলে বাবা পার করেগা’ ছাড়াও ম্যাজিক মোমেন্টস প্রযোজিত ‘চিরসখা’ ধারাবাহিক টিভিতে চলছিল। কিন্তু শিল্পী-টেকনিশিয়ানদের সিদ্ধান্তের পর ধারাবাহিকটির ভবিষ্যৎ থমকে গেছে।
রাত ১০টায় সম্প্রচারিত হতো ‘চিরসখা’ ধারাবাহিক। আগামী ১৩ এপ্রিল থেকে রাত ১০টার স্লটে ‘চিরসখা’ ধারাবাহিকের পরিবর্তে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সংসার সংর্কীর্তন’। অর্থাৎ ১২ এপ্রিল শেষ সম্প্রচার হবে ‘চিরসখা’ ধারাবাহিক। আচমকা বন্ধ হওয়ায় সিরিয়ালটির বেশ কয়েকজন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখার্জি। তিনি বলেন, “চিরসখা’ আর হবে না, এটুকু জানি। আমরাও এই সিদ্ধান্তের সমর্থন করছি। রাহুলের মৃত্যুর কারণ স্পষ্ট করে না জানা পর্যন্ত ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কোনো কাজ না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে। তবে চিরসখার টিম আমাদের টেকনিশিয়ানদের জন্য চিন্তিত। তাই আলোচনা সাপেক্ষে ওদের জন্য কিছু করব।”
অন্যদিকে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধারাবাহিকের সঙ্গে ম্যাজিক মোমেন্টসের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এটি প্রযোজনা করছে লীনা গাঙ্গুলির পুত্র অর্ক গাঙ্গুলির প্রযোজনা প্রতিষ্ঠান অর্গানিক স্টুডিও। তবে ধারাবাহিকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন লীনা। ফলে প্রশ্ন উঠেছে, এই ধারাবাহিকও কি তবে বন্ধ হয়ে যাবে? যদিও এ প্রশ্নের সঠিক উত্তর এখনো অধরা।
তবে বুধবার (৮ এপ্রিল) সকালে শুটিং ফ্লোরে গিয়েছিলেন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা। জানা যায়, বেশ কিছুক্ষণ তারা অপেক্ষাও করেন। কিন্তু শেষ পর্যন্ত শুটিং হয়নি। এ বিষয়ে কথা বলতে ধারাবাহিকটির প্রযোজক অর্কর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ভারতীয় গণমাধ্যম।
ঢাকা/শান্ত
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮