কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার দৌলতপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি, অনিয়ম ও প্রভাবশালীদের আধিপত্যের অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের রফিক ফিলিং স্টেশনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন, আপাং মন্ডল (৬৫), তার ছেলে রানা (২৩), একই এলাকার হেলাল (৬০), আমিনুদ্দিন (৭০), রাজা (৩০), রত্না খাতুন (৩০) ও শিউলী খাতুন (৩৫)।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রফিক ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ সীমিত করে রাখছিল। প্রতিদিন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা তেল বিক্রি করছিল তারা। ভুক্তভোগীদের অভিযোগ রাতের অন্ধকারে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অতিরিক্ত দামে তেল কালোবাজারে বিক্রি করছে।
ঘটনার দিনও একই চিত্র দেখা যায়। রাতে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গোপনে মজুদকৃত তেল উত্তোলন শুরু করে। তবে তেল বণ্টন নিয়ে নিজেদের মধ্যেই বিরোধ সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করে আসছে। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, পুরো কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরবর্তীতে কালোবাজারে উচ্চ মূল্যে তেল বিক্রি করা যায়। এ বিষয়ে জানতে রফিক ফিলিং স্টেশন কর্তৃপক্ষের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে তেল উত্তোলন করে কালোবাজারে বিক্রির সময় সংঘর্ষের ঘটনা শুনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপর মহলের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/কাঞ্চন//
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮