প্রধানমন্ত্রীর উদ্দেশে আসিফ মাহমুদ
‘হয় সমালোচনা সইতে শিখুন, নয়তো আইন করে লেখা বন্ধ করুন’
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন যে, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেপ্তার করা হবে। অথবা একটা আইন করে দেন, কোন সমালোচনা করা যাবে না, কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না।’’
বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘‘আমরা দেখছি যে, ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে। এটা আমরা দুই বছর পরে আবার নতুন করে দেখছি যেটা আমরা দুই বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে।’’
‘‘বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে আমরা দেখেছি, ধীরে ধীরে এই পর্যায়ে উপনীত হয়েছিল। কিন্তু বিএনপি খুব দ্রুতই, তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।’’
এনসিপির মুখপাত্র বলেন, ‘‘আমরা দেখছি সমসাময়িক কিছু বিষয় যেমন, ২৮ জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে। আপনারা সবাই দেখেছেন। কিন্তু পেছনের কারণটা হয়তো অনেকেই জানেন না। বিচারকগণ তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ডিসকাশন করছিলেন যেটা সরকারের পছন্দ হয়নি। ফলে সরকার তাদের ওই স্ক্রিনশটের ভিতরে শোকজ দিয়ে বোঝালেন যে, রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না। আপনারা নিজেদের মধ্যে কোন আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না সরকারের যেটা পছন্দ হবে না। এটা একটা ইন্ডিকেশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কীভাবে চলতে যাচ্ছে।’’
‘‘একটা ইনটেনশন খুব স্পষ্ট, আমরা যেখান থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে একটা জায়গায় এসে পৌঁছেছি, সেখান থেকে এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে উপনীত হয়েছি যে কম্প্রমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে পারছি না এবং সরকার সেটাকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। যে অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না যেমন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে।’’
বিরোধী দল হিসেবে আমাদের রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘‘টু থার্ড পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে। সংসদ সদস্যরা কথা বললেও তার কোনো বাস্তবায়ন নেই।’’
ঢাকা/রায়হান
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮