ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তায় নিউ জিল্যান্ড সিরিজের ম্যাচের সময়ের পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৫৭, ৮ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তায় নিউ জিল্যান্ড সিরিজের ম্যাচের সময়ের পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয়ে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড  নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে।

ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে দিনের আলোতেই খেলা শেষ করার লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে সামগ্রিকভাবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় সম্ভব হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বুধবার গণমাধ্যমে বলেছেন, ‘‘বাংলাদেশ সরকার আমাদের সবাইকে যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে উৎসাহিত করছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য থাকবে যতটা সম্ভব কম সময় ফ্লাডলাইট ব্যবহার করে খেলা সম্পন্ন করা।’’

‘‘এখনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি, তবে একটি ধারণা দিতে পারি—ওয়ানডে ম্যাচগুলো সম্ভবত বেলা ১১টা বা সাড়ে ১১টার দিকে শুরু হতে পারে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হতে পারে দুপুর ২টা বা আড়াইটার দিকে।’’

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১৩ এপ্রিল নিউ জিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে। ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। দুপুর ২টায় ম্যাচ শুরু করার কথা। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। ২৩ এপ্রিল শেষ ওয়ানডেও একই সময়ে শুরুর কথা।

২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর কথা। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়। ২ মে দুপুর ২টায় শুরু হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

তামিমের ভাষ্য, ‘‘যেহেতু সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবাইকে এগিয়ে আসতে বলছে, তাই ক্রিকেট বোর্ড, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবাই মিলে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে চাই। খুব শিগগিরই আপনারা সঠিক সময়সূচি জানতে পারবেন। তবে আমরা চেষ্টা করব, যদি ফ্লাডলাইট ব্যবহার করতেই হয়, তাহলে তা যতটা সম্ভব কম সময়ের জন্য ব্যবহার করা যায়, যাতে আমরা সম্মিলিতভাবে কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়