ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২ বার তেল নিতে গিয়ে ধরা, অতঃপর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৮ এপ্রিল ২০২৬  
২ বার তেল নিতে গিয়ে ধরা, অতঃপর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রথম দিনেই জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন এক তরুণ।

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে, এক দিনে দুই বার তেল সংগ্রহের চেষ্টা করায় জরিমানার পাশাপাশি তার জ্বালানি অ্যাপটি ২০ দিনের জন্য ব্লক করে দিয়েছে প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার একটি পাম্পে দ্বিতীয়বার জ্বালানী তেল সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। তবে, ওই তরুণের নাম-পরিচয় জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘নওয়াবগঞ্জ হ ১৫-৭৮৬৭’ রেজিস্ট্রেশন নম্বরধারী একটি মোটরসাইকেল নিয়ে ওই তরুণ প্রথমে শিবগঞ্জের দাদনচক-হলমোড় এলাকার মির্জা ফিলিং স্টেশন থেকে ৫০০ টাকার তেল সংগ্রহ করেন।

সরকারি নীতিমালা অনুযায়ী, একবার এই পরিমাণ তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিন ওই গ্রাহক আর কোনো জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। কিন্তু, এই বিধিনিষেধ উপেক্ষা করে ওই তরুণ উপজেলার কানসাট-ধবপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে গিয়ে আবারো তেল নেওয়ার চেষ্টা করেন। তবে, প্রশাসনের ডিজিটাল ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থার কারণে তাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ।

গণমাধ্যমকে তিনি বলেন, “সরকারি আদেশ অমান্য করে গণউপদ্রব সৃষ্টি ও জালিয়াতির দায়ে অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার ব্যবহৃত যানবাহনের জ্বালানি গ্রহণের সুযোগ আগামী ২০ দিনের জন্য স্থগিত বা ব্লক করে দেওয়া হয়েছে। এর ফলে আগামী তিন সপ্তাহ ওই তরুণ দেশের কোনো পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন না।”

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়