কর্ণফুলীতে দেশে প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থেকে কর্ণফুলী পাড়ি দিয়ে যেতে হয় রাজস্থলী। আবার একই সড়ক ধরে যেতে হয় পাশের জেলা বান্দরবান। যোগাযোগ সহজ করতে ১৯৮৯ সালে কর্ণফুলী নদীতে ফেরি সার্ভিস চালু করা হয়। একটি ফেরির মাধ্যমে দুই পারের যানবাহন পারাপার করা হয়।
৩৭ বছর পেরিয়ে গেলেও ফেরির সংখ্যা বাড়েনি। ফেরিতে পাঁচ থেকে আটটি ট্রাক বা বাস এবং ১৫ থেকে ২০টি ছোট যানবাহন উঠতে পারে। পারাপারে সময় লাগে আধ ঘণ্টা। নদীতে স্রোত থাকলে কিংবা কাপ্তাই জলবিদ্যুৎ গেইট খুলে দিলে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। এতে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। অথচ ৫০০ মিটারের একটি সেতু বদলে দিতে পারে এই এলাকার বাসিন্দাদের জীবনমান।
এই দুর্ভোগ দূর করতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কর্ণফুলীর ওপর তৈরি হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু। সব কিছু ঠিক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই সেতুর সুফল ভোগ করবেন দেশের মানুষ। এমনটাই জানিয়েছেন রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
গাড়ি চালক রহিম উদ্দিন বলেন, প্রতিদিন ট্রাকে ইট আনা-নেওয়া করি। রাইখালী থেকে ঘাটে আসলে কখনো সাথে সাথে ফেরির লাইন পেয়ে যাই, কখনো ঘণ্টাখানেক বসে থাকতে হয়। অথচ একটা সেতু হলে আমরা দুই-তিন মিনিটের মধ্যে পার হয়ে যেতে পারতাম।
অটোরিকশা চালক কামাল হোসেন বলেন, রোগী নিয়ে ঘাটে বসে থাকা খুবই কষ্টকর। কখনো কখনো ফেরি বন্ধ থাকলে গোডাউন হয়ে ঘুরে আসতে হয়। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই সেতু হয় না।
রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘‘ইতোমধ্যে সেতুর চূড়ান্ত নকশা করে প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রেরণ করা হয়েছে। গত ৯ মার্চ প্রকল্প যাচাই কমিটির সভাও হয়েছে। সভায় সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এটিই হবে বাংলাদেশে প্রথম ক্যাবল স্টেইড সেতু।
তিনি আরোও বলেন, এই প্রকল্পের আওতায় কর্ণফুলি নদীর ওপর ৫শত ৩২ মিটার ক্যাবল স্টেইড সেতু নির্মাণ করা হবে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬৫৮ কোটি ৭১ লক্ষ ৮৬ হাজার টাকা।
ক্যাবল স্টেইড সেতুর বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, এটি এমন এক ধরনের আধুনিক সেতু, যার রাস্তার ওজন সরাসরি মূল টাওয়ার বা পিলারের সঙ্গে যুক্ত তির্যক তারের মাধ্যমে সমর্থিত হয়। এই সেতুতে টাওয়ারগুলি উল্লম্ব সংকোচনের মাধ্যমে তারের ভার ভিত্তিমূলে স্থানান্তর করে।
ঢাকা/শংকর//
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮