দিনাজপুরে শিলাবৃষ্টিতে আম লিচুবাগানে ব্যাপক ক্ষতি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলায় তীব্র শিলাবৃষ্টিতে কয়েক হাজার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়ো আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে, পাশাপাশি আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামসহ কাজিহাল ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও কৃষিজমিতে ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। রুদ্রানী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, আইজুলসহ কয়েকজন বলেন, হঠাৎ করেই বড়ো বড়ো শিল পড়তে থাকে। আঘাতে অনেকের ঘরের টিনের চাল পর্যন্ত ফুটো হয়ে গেছে। আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় তারা বলেন, ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার ব্যবস্থা করা হবে।
ঢাকা/মোসলেম//
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর