নয়নতারা-সালমানের বয়স নিয়ে এত চর্চা কেন?
বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অনেক অভিনেত্রী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। প্রথমবার এ জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা। এ নিয়ে এক শ্রেণির দর্শক যেমন উচ্ছ্বসিত, তেমনই তাদের বয়সের ব্যবধান নিয়েও চর্চা চলছে।
সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক ভামসি পায়দিপল্লীর পরবর্তী সিনেমায় অভিনয় করবেন সালমান খান। কয়েক দিন আগে এ সিনেমায় যুক্ত হয়েছেন নয়নতারা। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে নয়নতারা যুক্ত হওয়ার ফলে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। তবে এ জুটির বয়স নিয়ে সমালোচনা কম হচ্ছে না।
সালমান খান দীর্ঘদিন ধরেই নিজের চেয়ে অনেক কম বয়সি অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধার কারণে সমালোচনার মুখে পড়ে আসছেন। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান খান। তার বয়স এখন ৬০ বছর। অন্যদিকে, ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন নয়নতারা। তার বয়স এখন ৪১ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ১৯ বছর।
নয়নতারাই প্রথম নন, সালমানের ক্যারিয়ারে রয়েছেন কম বয়সি বেশ কজন তারকা অভিনেত্রী। ২০০৫ সালে ‘লাকী’ সিনেমায় সালমানের নায়িকা ছিলেন স্নেহা উল্লাল, ২০১০ সালে ‘দাবাং’ সিনেমায় ছিলেন সোনাক্ষী সিনহা, ২০২১ সালে ‘রাধে’ সিনেমায় ছিলেন দিশা পাটানি, ২০২৫ সালে ‘সিকান্দার’ সিনেমায় ছিলেন রাশমিকা মান্দানা। প্রত্যেক নায়িকার সঙ্গে সালমানের বয়সের ব্যবধান চোখে পড়ার মতো।
ঢাকা/শান্ত
ইরান যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের