অপারেশন থিয়েটারে তানিয়া বৃষ্টি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
হাসপাতালের বিছানায় তানিয়া বৃষ্টি (ইনসেটে)
অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার হবে, এখন অপারেশন থিয়েটারে আছেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
রাইজিংবিডির সঙ্গে আলাপকালে রাশেদ মামুন অপু বলেন, “একটি কাজে তানিয়া বৃষ্টিকে ফোন করেছিলাম। তখন জানতে পারি তার মাথায় টিউমার হয়েছে। হাসপাতালে ভর্তি। বর্তমানে অপারেশন থিয়েটারে রয়েছে। বের হলে নিবিড় পরিচর্যায় রাখা হবে। অসুস্থতা সম্পর্কে বিস্তারিত এখনো জানতে পারিনি।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তানিয়া বৃষ্টি। যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি এই অভিনেত্রী।
পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা ঢেকে বসে আছেন তানিয়া বৃষ্টি। ক্যাপশনে তিনি লেখেন, “আমার মাথায় কাল অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন…ব্রেইন টিউমার।”
জানা গেছে, তানিয়া বৃষ্টি বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
বিবৃতিতে অনুরোধ জানানো হয়, অসুস্থতার এই সময়ে যেন শুটিং ডেট কিংবা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে তাকে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।
ঢাকা/রাহাত/শান্ত