সচেতনতার গল্প ‘রহমত’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘রহমত’ নাটকের দৃশ্য
বাসায় রান্না না হওয়ায় রহমত মাস্টারের ছেলে মিঠু ও জামাই মতিন রোজা না রেখে গোপনে দোকানে বসে চা-সিগারেট খেয়ে দিন কাটায়। বিষয়টি জেনে আলী মাস্টার মওলানা ডেকে এনে কোরআন-হাদিসের আলোকে রোজা না রাখার ক্ষতি বোঝান এবং ভিক্ষুকের উদাহরণ দেন।
লজ্জায় পড়ে মিঠু ও মতিন পরের দিন থেকে রোজা রাখার ওয়াদা করে। পরে আলী মাস্টার দেখেন তার মেয়ে তিশা রোজা রেখেও টিকটক করে, তিনি তাকে বুঝিয়ে সেটা বন্ধ করার অঙ্গীকার করান। এদিকে, সুদের ব্যবসায়ী আজমল ও তার সন্তানদের বেপরোয়া জীবন, আর তিশা-আবুলের প্রেম নিয়ে গ্রামে নতুন নতুন ঝামেলা শুরু হয়। এভাবেই এগিয়েছে ‘রহমত’ শিরোনামের ধারাবাহিক নাটকের গল্প।
প্রতিবছরের মতো এবারো পবিত্র রমজানে বৈশাখী টিভিতে প্রচার হবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রহমত’। পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
আল আমিন স্বপন রচিত, মামুন আব্দুল্লাহর পরিচালনায় এবং লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীতায়োজনে রয়েছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার। চিত্রগ্রহণ করেছেন কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের। সম্পাদনায় আছেন দীপঙ্কর চৌধুরী।
নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ্ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান প্রমুখ।
পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন, “নাটকের মূল উদ্দেশ্য হলো পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করা।”
ঢাকা/রাহাত/শান্ত