‘আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে, এত ভাব নেওয়ার কিছুই নাই’
মৌসুমী আক্তার সালমা
ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। পেশাগত কাজের খবর জানাতে সোশ্যাল মিডিয়ায় যেমন সক্রিয়, তেমনই ব্যক্তিগত নানা উপলদ্ধি, ভাবনার কথাও এ মাধ্যমে ভাগ করে নিয়ে থাকেন এই শিল্পী। সালমা তার সোশ্যাল মিডিয়া দেওয়া একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এতে অর্থ, সম্পর্ক, স্বার্থপর মানুষ নিয়ে নিজের ভাবনার কথা ভাগ করে নিয়েছেন এই শিল্পী।
পরামর্শ দিয়ে সালমা বলেন, “নিজের টাকা-পয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দিবেন না। নিজের স্বার্থ হাছিল করে, আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই। মানুষের জন্য কিছু করলে, তার অভাব হয় না। আল্লাহ দশগুণ বাড়িয়ে দেয়।”
ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা জানিয়ে সালমা বলেন, “মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট। সব মানুষ যেমন মানুষ না, ঠিক হাতের পাঁচটি আঙুল সমান না। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম। তাই প্রিয় মানুষদের বলি—ভাবিয়া করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয়, অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে, সমাজে ভাব প্রকাশ করে সে বিশাল কিছু অর্জন করেছে।”
জীবনের রূঢ় বাস্তবতা স্মরণ করে সালমা বলেন, “আসলে আসা আর যাওয়ার মাঝে জীবন। বাকি সব ফাঁকি। অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়েন। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত ভাব নেয়ার কিছুই নাই।”
অনেকটা আক্ষেপের স্বরে সালমা বলেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া।”
সালমা তার স্ট্যাটাসটি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে বলে রাখা ভালো, সম্প্রতি ভেঙে গেছে মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার। গত ৩০ ডিসেম্বর রাতে সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
ঢাকা/শান্ত