‘সবকিছু ফাঁকা মনে হয়, কারণ ছাড়াই চোখ ভিজে যায়’
রেশমা আহমেদ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রেশমা আহমেদ। কখনো মায়ের চরিত্রে, কখনো বোনের চরিত্রে দেখা যায় তাকে। তবে গত কয়েক বছর ধরে টিভি নাটকে মায়ের চরিত্র রূপায়ন করে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা কুড়াচ্ছেন।
আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। আনন্দের দিনটি বড় ছেলেকে নিয়ে বাস্তবে উদযাপন করছেন পর্দার মা রেশমা। তবে ঈদ উৎসবেও আনন্দ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। শনিবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এমন অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
রেশমা আহমেদ বলেন, “স্বামী মারা গেছে ১২ বছর। মা মারা গেছে ২৩ বছর, বাবা মারা গেছে ১৫ বছর। শ্বশুর মারা গেছে ৩৫ বছর, শাশুড়ি মারা গেছে ৩০ বছর! বোন মারা গেছে ৮ মাস! এক ভাই আমেরিকা, এক বোন কানাডা, দুই বোন বাংলাদেশে আছে কিন্তু অসুস্থ। এক ভাই আছে কুমিল্লা। আমার ছোট ছেলে আছে আমেরিকায় বউসহ। আমার বড় ছেলেসহ ঢাকায় ঈদ করছি। আলহামদুলিল্লাহ।”
রেশমার স্বজনদের অনেকে পরপারে পাড়ি জমিয়েছেন। অনেকে বেঁচে আছেন, পাশে আছেন তা-ও কোনো আনন্দ নেই। রেশমা আহমেদের ভাষায়, “কোনো আনন্দ নেই। দিন দিন তালিকা থেকে আপনজন কমে যাচ্ছে। না আছে কেনাকাটায় আনন্দ, না আছে খাওয়ার আনন্দ। সব আছে কিন্তু কিছুই নেই। সবকিছু ফাঁকা মনে হয়। কারণ ছাড়াই চোখ ভিজে যায়। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া। সবাইকে ঈদ মোবারক।”
রেশমা আহমেদের আবেগঘন পোস্টটি পড়ে ভক্ত-অনুরাগীরাও আবেগাল্পুত হয়ে পড়েছেন। একজন লেখেন, “রাইট বলেছেন আন্টি। তারপরেও সব দুঃখ-কষ্ট ভুলে জানাই ঈদ মোবারক।” সাজ্জাদ লেখেন, “আল্লাহ ভরসা! সব আনন্দ আল্লাহ একসময় ফিরিয়ে দিবে।”
পিয়াস নামে একজন লেখেন, “আসসালামু আলাইকুম আপু, আমি পিয়াস, কুমিল্লায় থাকি। আপনার ভিডিওগুলো দেখি, নাটক দেখি, আমার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম, আঞ্চলিক ভাষায় আপনার নাটকগুলো অনেক ভালো লাগে। আমি আপনার অনেক বড় ফ্যান। কুমিল্লা আসলে আপনাকে কীভাবে দেখব, কুমিল্লা আপনার ভাইটা কোথায় থাকে? সংকোচ না করলে জানাতে পারেন। বিরক্ত করব না। শুধু আপনাকে দেখব।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত