ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পর্নোগ্রাফিক কনটেন্টে নাম-ছবি ব্যবহার, আইনি সুরক্ষা পেলেন বরুণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ জুন ২০২৬  
পর্নোগ্রাফিক কনটেন্টে নাম-ছবি ব্যবহার, আইনি সুরক্ষা পেলেন বরুণ

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এবার সেই সমস্যার মুখোমুখি হয়ে আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত পরিচয় অবৈধভাবে ব্যবহারের অভিযোগে করা মামলায় অভিনেতার পক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেওয়া এক আদেশে আদালত জানিয়েছেন, বরুণ ধাওয়ানের অনুমতি ছাড়া তার নাম, ছবি, কণ্ঠস্বর, স্বাক্ষর কিংবা ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য বাণিজ্যিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

আরো পড়ুন:

আদালতে দায়ের করা আবেদনে বরুণ অভিযোগ করেন, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে বিভিন্ন পণ্য বিক্রি করছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতির নামে বুকিং নেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে।

অভিনেতার অভিযোগ অনুযায়ী, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ছবি, ভিডিও এবং আপত্তিকর কনটেন্টও তৈরি করা হচ্ছিল। এমনকি তার পরিচয় ব্যবহার করে পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে।

মামলার শুনানিতে বিচারপতি জ্যোতি সিং বলেন, “প্রাথমিকভাবে বরুণ ধাওয়ান একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী মামলা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অভিনেতার পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি হতে পারে।”

এর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বরুণ ধাওয়ানের অনুমতি ছাড়া তার নাম, ছবি, কণ্ঠস্বর বা পরিচিত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে তার ছবি বা স্বাক্ষর ব্যবহার করে কোনো পণ্য তৈরি, প্রচার বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

আদালত আরো জানান, এআই, ডিপফেক, চ্যাটবট কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে অভিনেতাকে আপত্তিকর, অশালীন বা বিভ্রান্তিকর পরিস্থিতিতে দেখিয়ে কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশনায় আদালত বরুণ ধাওয়ানের নাম বা ছবি ব্যবহার করে তৈরি পর্নোগ্রাফিক কনটেন্টসংবলিত সব URL দ্রুত ব্লক করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো লিঙ্ক, পোস্ট বা ভিডিও তার ব্যক্তিত্বগত অধিকার লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে ৩৬ ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে।

রায়ে আদালত উল্লেখ করেন, একজন শিল্পীর নাম, মুখাবয়ব, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। অনুমতি ছাড়া এসব ব্যবহার আইনসম্মত নয়।

আইন বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে এআই ও ডিপফেক প্রযুক্তির বিস্তারের মধ্যে এই রায় শুধু বরুণ ধাওয়ানের জন্য নয়, বরং বিনোদন অঙ্গনের সব শিল্পীর ব্যক্তিত্বগত অধিকার সুরক্ষার ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়