ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বইমেলায় সাংবাদিক জহিরুলের নতুন দুই বই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১২ মার্চ ২০২৬  
বইমেলায় সাংবাদিক জহিরুলের নতুন দুই বই

অমর একুশে বইমেলা ২০২৬ এ পাঠকদের জন্য এসেছে সাংবাদিক ও লেখক জহিরুল ইসলামের দুটি নতুন বই ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং কিশোর রহস্যগল্প ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’। 

লেখকের ভ্রমণভিত্তিক বই ‘আয়া সোফিয়ার নীরবতা’ মূলত ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। এটি শুধু একটি ভ্রমণকাহিনি নয়, বরং এক মানুষের নীরব ভাঙন, ধীরে ধীরে বদলে যাওয়া এবং অচেনা মানুষের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প। ২০২২ সালের জুনে ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা এই বইয়ের মূল উপজীব্য। শীতল নির্মল বাতাস, নীল সমুদ্র, দিগন্তজোড়া ব্রিজের আলো, গ্র্যান্ড বাজারের বিশৃঙ্খলা, তাকসিমের ভিড় এবং প্রিন্সেস আইল্যান্ডের শান্ত নীল—প্রতিটি জায়গা লেখকের ভেতরে খুলে দেয় নতুন জানালা।

আরো পড়ুন:

এই ভ্রমণকাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে চার চরিত্র—আমির, নাজানা, এলিফ ও রাহমেত। পাশাপাশি ওমর ফারুক হেলালী, আব্দুল্লাহ আল মামুন ও মিনহাজুল আবেদীনের মতো আরও কিছু চরিত্রের উপস্থিতি গল্পটিকে জীবন্ত করে তুলেছে। তাদের জীবন, স্বপ্ন, সফলতা ও ব্যর্থতার গল্পের মধ্য দিয়ে লেখকের নিজের পরিবর্তনের পথও ধরা পড়ে।

অন্যদিকে ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’ একটি কিশোর রহস্য-রোমাঞ্চ গল্প। কুমিল্লা শহরের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সব রহস্যকে ঘিরেই এগিয়েছে এই কাহিনি। কখনো নির্জন চরে জেগে ওঠা রক্তমুখী শিলার আতঙ্ক, কখনো মাটির নিচে হাজার বছরের পুরোনো মুদ্রার অভিশাপ, আবার কখনো আধুনিক বিজ্ঞানের আড়ালে স্মৃতি চুরির অদ্ভুত ঘটনা—এসব রহস্যের জট খুলতে এগিয়ে আসে তিন কিশোর—মগজ রায়হান, সাহসী বাদল ও টেক-জিনিয়াস তুহিন।

চৌধুরীপাড়ার অভিশপ্ত ‘রক্তচিহ্নের ঘর’কে ঘিরে রহস্যের জট খুলতে তাদের অভিযানের গল্প পাঠকদের জন্য এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।

মেলায় বইগুলো পাওয়া যাচ্ছে টাঙ্গন প্রকাশনের স্টল নম্বর ৫১৮-এ। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্টল নম্বর ৫৫৭-এ (বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাশে) বই দুটি সংগ্রহ করা যাচ্ছে।
জহিরুল ইসলামের জন্ম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তার পিতা এ বি এম আব্দুল লতিফ এবং মাতা নাজমা বেগম। উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় বর্ষ থেকেই তাঁর সাংবাদিকতায় পথচলা শুরু। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

এ ছাড়া গত বছরের অমর একুশে বইমেলা–২০২৫-এ প্রকাশিত জহিরুল ইসলামের ‘অধরা স্বপ্ন’ এবং ‘তিন বন্ধু ও রহস্যজট’ বই দুটিও একই স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশক জানান, অমর একুশে বইমেলায় জহিরুল ইসলামের বইগুলো ইতিমধ্যে পাঠকদের আগ্রহ কাড়ছে।

ঢাকা/রায়হান/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়