ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরস্কে ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮

তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৮ জন নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ইলাজিগ প্রদেশের সিভিরিস শহর।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি ভূকম্পণ হয়েছে। ভূমিকম্প কবলিত সিভিরিস শহরে চারশ'র বেশি উদ্ধার কর্মী পাঠানো হয়েছে।

এদিকে মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।’

ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, তা প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেও অনুভূত হয়েছে। তবে ওই তিন দেশে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের সেদেশের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ নিহত হয়েছিল।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়