‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করলে মামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এমনকি তিনি এ বিষয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই ‘অল অর নাথিং: হাউ ট্রাম্প রিক্যাপটেড আমেরিকা’ প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।
উলফ এর আগেও ট্রাম্পের প্রশাসন নিয়ে ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ নামে আলোচিত বই লিখেছিলেন। যা ২০১৮ সালে বেস্টসেলার হয়।
নতুন বইটির প্রকাশক ক্রাউন পাবলিশিং জানিয়েছে, এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারের ১৮ মাসজুড়ে লেখা হয়েছে। এতে ট্রাম্প কীভাবে আবার ক্ষমতায় ফিরলেন, তার নানা দিক তুলে ধরা হয়েছে।
এ নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বেনামি’ বা ‘অব দ্য রেকর্ড’ উদ্ধৃতিসহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
উলফের সর্বশেষ কাজকে ‘মানহানিকর কল্পকাহিনী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন প্রণয়ন করব।
বুধবার ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি, রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউজ। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা/ফিরোজ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন