চীনে খনিতে পড়ে ৬ শিক্ষার্থীর মৃত্যু
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় ঝংজিন গোল্ড কর্পোরেশনের মালিকানাধীন একটি খনি পরিদর্শনের সময় দুর্ঘটনায় চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।
রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপ কোং-এর সহযোগী প্রতিষ্ঠান ঝংজিন গোল্ড বৃহস্পতিবার (২৪ জুলাই) স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ে জানিয়েছে, প্রতিরক্ষামূলক গ্রেট ভেঙে পড়ার পর শেনিয়াংয়ের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তামার মলিবডেনাম খনির একটি ফ্লোটেশন ট্যাঙ্কে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় একজন শিক্ষকও আহত হয়েছেন।
কোম্পানিটি আরো জানিয়েছে, তারা জরুরি ব্যবস্থা সক্রিয় করেছে এবং স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে ঘটনাটি জানিয়েছে।
এই খবরের পর সাংহাইতে সকালের লেনদেনে ঝংজিন গোল্ডের শেয়ারের দাম ৫ শতাংশেরও বেশি কমে গেছে।
টুয়েন্টিফাস্ট সেঞ্চুরি বিজনেস হেরাল্ড জানিয়েছে, খনিটি উৎপাদন বন্ধ করে দিয়েছে।
হেনান রেডিও ও টেলিভিশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসারে, নর্থইস্টার্ন ইউনিভার্সিটির একজন শিক্ষক বলেছেন, বছরের পর বছর ধরে এই ধরনের পরিদর্শন হয়ে আসছে এবং ঘটনাটি অপ্রত্যাশিত।
তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঘটনাস্থলে কর্মী পাঠিয়েছে।
ঢাকা/ফিরোজ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন