ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক বিকশিত করতে ভারত উন্মুখ: জয়সওয়াল

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক বিকশিত করতে ভারত উন্মুখ: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং উষ্ণ সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সাথে এই শক্তিশালী ও বহুমুখী সম্পর্ক আরো বিকশিত করার জন্য ভারত উন্মুখ।”

বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার আসার পর  দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।  

আরো পড়ুন:

জয়সওয়াল বলেন, “আপনারা দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন হওয়ার পর, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে, লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেছিলেন।”

তিনি বলেন, “তিনি (ওম বিড়লা) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে, আমরা বাংলাদেশের সাথে আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরোজোরদার করার জন্য উন্মুখ। আমরা নতুন সরকারের সাথে যোগাযোগ করতে এবং বিষয়গুলো এগিয়ে নিতে উন্মুখ।”

এরপর ভিসা ইস্যুতে জয়সওয়াল বলেন, “ভিসা ইস্যুতে, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছি। একটি নতুন সরকার যেটি সবেমাত্র এসেছে, আমাদের সম্পর্কের সকল দিক তাদের সাথে আলোচনা করা হবে।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বাংলাদেশের জন্য ভিসা সীমিত করে ভারত। বন্ধ করে দেওয়া হয় টুরিস্ট ভিসা। 

সবশেষ গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে আরেক দফা অবনতি ঘটে দ্বিপক্ষীয় সম্পর্কে। এ সময় চট্টগ্রামে ভারতীয় সরকারি হাই কমিশনে হামলা। আগরতলা , কলকাতা ও দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাল্টা হামলা বিক্ষোভের জেরে আগরতলা ও দিল্লি দূতাবাস থেকে ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেয়ার মত ঘটনা সামনে আসে। চট্টগ্রামেও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন।
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়