ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কুয়েত
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ তোতুনচিকে তলব করেছে। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন ও যাত্রী ভবনেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েত ছাড়াও শনিবার দিনের শুরুতে ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়।
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান এই পদক্ষেপ নেয়।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছে, এই ধরনের হামলা- বিশেষ করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলা- আন্তর্জাতিক মানবিক আইনের একটি সুস্পষ্ট ও চরম লঙ্ঘন। এই আইন বেসামরিক স্থাপনায় হামলা চালানো এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করাকে কঠোরভাবে নিষিদ্ধ করে।
এদিকে উদ্ভূত আঞ্চলিক পরিস্থিতির কারণে কাতার সরকার তাদের সব সরকারি কর্মচারীদের জন্য রবিবার (১ মারচ) ঘরে বসে কাজ অনলাইনে কাজের ঘোষণা দিয়েছে।
কাতারের সিভিল সার্ভিস ও গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরোর বিবৃতি অনুযায়ী, সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে অনলাইনে কাজ করবেন।
কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ‘আল উদেইদ’ লক্ষ্য করে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে কাতারের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটেছে।
ঢাকা/ফিরোজ