সরাসরি: শোকস্তব্ধ ইরানে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় শোকস্তব্ধ ইরান। এর মধ্যেই দেশটিতে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনী কিছুক্ষণ আগে জানায়, তারা পশ্চিম ও কেন্দ্রীয় ইরানে হামলা চালিয়ে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, “সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশনায় বিমান বাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান হামলা চালিয়েছে। কিছুক্ষণ আগেই পশ্চিম ও কেন্দ্রীয় ইরানে ইরানি শাসনব্যবস্থার ব্যালেস্টিক মিসাইল অ্যারে (ক্ষেপণাস্ত্র মজুদ) ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আরো এক দফা হামলা সম্পন্ন হয়েছে।”
ইসরায়েল আরো জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র সাইট, সামরিক সদর দপ্তর এবং অন্যান্য ‘শাসনতান্ত্রিক লক্ষ্যবস্তু’ গুলোতে এই আক্রমণ অব্যাহত থাকবে।
এদিকে খামেনি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, কিছুক্ষণের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু হবে। এই অঞ্চলে ‘অধিকৃত অঞ্চল (ইসরায়েল) ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।”
ঢাকা/ফিরোজ