ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশ্যে ‘দম্পতিকে’ কোপানোর মামলায় আরো তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশ্যে ‘দম্পতিকে’ কোপানোর মামলায় আরো তিনজন রিমান্ডে

ভিডিওতে দেখা যাচ্ছে, নাসরিন আক্তার ইফতি ও তার স্বামী মেহেবুল হাসানের সামনে রামদা নিয়ে কোপাতে উদ্ধত দুই যুবক। তাদের সামনে হাত জোড় করে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ইফতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক ‘দম্পতিকে’ কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের আরো তিন সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

আসামিরা হলেন— মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. দ্বীন ইসলাম তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা  করে।

শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রয়কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গতকাল সোমবার ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদের প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়