ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপিসহ ৩ জন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপিসহ ৩ জন কারাগারে 

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ ৩ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরো পড়ুন:

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সাদেক ঢালী ও বি-বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী।

১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর ভাটারার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোঁড়া ছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফিরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভিকটিম মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়