মোহাম্মদপুরে বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৪
ছবি: পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শুভ তানভীর (২১), সৈয়দ মুরসালি (২০), ফারুক (৩৮), তামিম (২০), জাহিদ (১৯), হীরা (২৩), সজীব (২৭), তরুণ (২৩), সোহরাওয়ার্দী (২৫), ইমরান (২০), মামুন (২৭), মনিরুল (২৪), শাকিল ওরফে হৃদয় (২৭) এবং ফরিদা আক্তার (৩৪)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) দিনভর অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় ছুরি, দুইটি চাপাতি, একটি লোহার স্টিক, দুইটি সামুরাই, চারটি রড, তিনটি স্মার্টফোন ও পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ পেশাদার মাদক কারবারি, কেউ নিয়মিত মামলার পলাতক আসামি, আবার কেউ সন্ত্রাস ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।
মোহাম্মদপুর থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত তৎপরতা চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/মাকসুদ/সাইফ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন