তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমির গ্রেপ্তার
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ ও জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতায় জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হন। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলা এবং জামায়াত-শিবির কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুটি হত্যা মামলায় সোহেল রানাকে আসামি করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরে কড়া প্রহরায় তাকে লালমনিরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, “রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে (সোহেল রানা) গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি, নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, তিনটি হত্যা মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/সিপন/মাসুদ