বিয়েতে ডিজেল উপহার পেলেন নেতা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে ডিজেল উপহার দিয়েছেন নিজ দলের নেতাকর্মীরা।
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে ডিজেল উপহার দিয়েছেন অতিথিরা। তারা জানান, ডিজেল উপহার দিয়ে দেশব্যাপী জ্বালানি সংকটের বিষয়টি সামনে আনার চেষ্টার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ফাহিমের গ্রামের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকি উপহার হিসেবে তার হাতে ডিজেল তুলে দেন জেলা এবং উপজেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকরা।
রাত ১১টার দিকে বিয়ের অনুষ্ঠানে তেল উপহার দেওয়ার ছবিটি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান। পোস্টে তিনি ক্যাপশন হিসেবে লেখেন, “তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।”
বুধবার (২৫ মার্চ) সকালে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় আসে।
গণঅধিকার পরিষদ দুমকি উপজেলার নেতাকর্মীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ফারুক হুসাইনের ছেলে শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার বিয়ে হয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দেওয়ার কারণে ডিজেল উপহার দিয়ে ব্যতিক্রমীভাবে জ্বালানি সংকটের বিষয়টি সামনে আনার চেষ্টার করেন অতিথিরা।
ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, নেতাকর্মীরা সম্মিলিতভাবে একটি ৫ লিটারের পাত্রে প্রায় ৩ লিটার ডিজেল বর ও কনের হাতে তুলে দেন। এসময় সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, “দেশের গ্রামাঞ্চলে ডিজেল সংকট যে পর্যায়ে পৌঁছেছে, তা সাধারণ মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে। কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। জেলেরা নদীতে যেতে পারছেন না। এমনকি পরিবহন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিয়ের মতো অনুষ্ঠানে প্রতীকীভাবে ডিজেল উপহার দেওয়ার মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শফিকুল ইসলাম বলেন, “বিয়েতে ডিজেল উপহার দিতে এই প্রথম দেখলাম। প্রথমে বিষয়টি ব্যতিক্রম মনে হলেও পরে বুঝেছি, এটি সময়ের বাস্তবতা।”
ঢাকা/ইমরান/মাসুদ