উত্তরাঞ্চলের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দীর্ঘদিন ধরে উন্নয়নে পিছিয়ে থাকা রংপুর বিভাগকে দেশের চলমান উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আসাদুল হাবিব দুলু বলেন, “উত্তরাঞ্চলে শিল্পায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখানে জমি ও শ্রম তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় শ্রমঘন শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে এই অঞ্চল নতুন সরকারের লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময় শিল্পাঞ্চলে পরিণত হবে।”
তিনি বলেন, “রংপুর বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।”
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আগামী এক বছরের মধ্যে বন্ধ থাকা শিল্প-কলকারখানা পুনরায় চালু করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে।” এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতি চাঙা হবে এমন আশা প্রকাশ করেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভাগের আটটি জেলা থেকে আগত শিল্পোদ্যোক্তা, রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা রংপুর বিভাগকে এগিয়ে নিতে পৃথক শিল্পনীতি প্রণয়ন, বিশেষ কর রেয়াত সুবিধা প্রদান এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থার দাবি করেন।
সভায় অংশগ্রহণকারীরা রংপুরের শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রপ্তানিমুখী উৎপাদন খাতকে গুরুত্ব দিলে এ অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
ঢাকা/আমিরুল/মাসুদ